জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছেন। এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজও করতে হবে।
মঙ্গলবার রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। এখন দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। বাংলাদেশ সবার। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও সবার। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে মিলেমিশে পরিশ্রম করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।