নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটি স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনের একাধিক যাত্রী জানান, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। অন্য দিনের তুলনায় ট্রেনটির গতি বেশি ছিল বলে মনে হয়েছে তাঁদের। নাওটি স্টেশন পার হওয়ার পর হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হলে ট্রেনের ভেতরে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।
এ সময় কয়েকজন যাত্রীর মাথা ফেটে যায়। কারও হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হন।
ট্রেনের যাত্রী নাহিদা আক্তার বলেন, ‘চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। কয়েকজন পদপিষ্ট হয়। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।’
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন তিনি। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তখনো জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে বলে জানান তিনি।