খেলা ডেস্ক | শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আট দল। এরই মধ্যে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ দল ঘোষণা করেছে। এবার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হংকং।
বাছাইপর্ব পেরিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে দলটি। ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফ ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে তারা। এর আগে ২০০৪, ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে টুর্নামেন্টে অংশ নিয়েছিল হংকং।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ২৫ সদস্য নিয়ে যেতে পারবে, যেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফ অন্তর্ভুক্ত থাকবে। বাড়তি কাউকে নিতে হলে তার ব্যয় বহন করবে সংশ্লিষ্ট বোর্ড। ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে হংকং দল।
২০ জনের স্কোয়াড ঘোষণার কারণ ব্যাখ্যা করে হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা বলেন, ‘এশিয়া কাপ দিয়েই আমাদের যাত্রা শুরু হচ্ছে। তাই আমরা কিছুটা বড় স্কোয়াড নিয়েছি। প্রত্যেক খেলোয়াড়কে তাদের জায়গার জন্য লড়তে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না, প্রতিযোগিতা করতে যাচ্ছি। ম্যাচ জিততে চাই এবং সেই অভিজ্ঞতা উপভোগ করতে চাই।’
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে হংকং। আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে হংকং।
এশিয়া কাপের জন্য হংকং স্কোয়াড: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহঅধিনায়ক), জিসান আলী, নিজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু, আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমা, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ ও মোহাম্মদ ওয়াহিদ।