নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহন করতে চায় সরকার। এ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হলে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুপযুক্ত (আনফিট) কর্মীকে উপযুক্ত (ফিট) দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও জানান তিনি।
প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন আরিফুল হক চৌধুরী।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।