শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্রান্সে পুলিশের কাঁদানে গ্যাসে রক্তক্ষরণ ও গর্ভপাতের অভিযোগ হাজারো নারী-তরুণীর

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রান্সে পুলিশের কাঁদানে গ্যাসে রক্তক্ষরণ ও গর্ভপাতের অভিযোগ হাজারো নারী-তরুণীর

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসে অস্বাভাবিক রক্তক্ষরণ, ঋতুচক্রের সমস্যা এমনকি গর্ভপাতের শিকার হওয়ার অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। এসব অভিযোগ সামনে আসার পর কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত অক্টোবরে দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ১০ হাজার নারী ও কিশোরীর অভিজ্ঞতা সংগ্রহ করে এ তথ্য জানিয়েছে নারীবাদী সংগঠন ‘ল্যাক্রিমো দ্য সাং’। সংগঠনটির সংগ্রহ করা তথ্য অনুযায়ী, কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসা ৯ হাজার ২০০ জনের বেশি নারী ও কিশোরীর মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগসংক্রান্ত নানা সমস্যার কথা জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগগুলোর মধ্যে রয়েছে তীব্র জরায়ুর ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত ঋতুস্রাব ও দীর্ঘদিন ধরে রক্তপাত। কেউ কেউ কয়েক সপ্তাহ ধরে রক্তক্ষরণের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।

সংগৃহীত তথ্য অনুযায়ী, কাঁদানে গ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন গর্ভবতী নারীর মধ্যে ১৫ জন গর্ভপাতের কথা জানিয়েছেন। আরও ১৭ জন গর্ভাবস্থায় সংকোচন, ব্যথা কিংবা রক্তক্ষরণের অভিজ্ঞতার কথা বলেছেন। এ ছাড়া দুজনকে জরুরি স্ত্রীরোগ চিকিৎসা নিতে হয়েছে।

গত ১৭ অক্টোবর ফ্রান্সে বিক্ষোভের চরম পর্যায়ে পুলিশ প্রায় ২২ হাজার কাঁদানে গ্যাসের গ্রেনেড নিক্ষেপ করে। এর দুই দিন পর থেকেই অনেক নারী অস্বাভাবিক রক্তক্ষরণ ও শারীরিক সমস্যার কথা জানাতে শুরু করেন। সংগঠনটির তথ্য বলছে, বিশেষ করে ২০ বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে এসব উপসর্গের হার তুলনামূলক বেশি।

তবে কাঁদানে গ্যাসের সঙ্গে এসব শারীরিক সমস্যার সরাসরি কারণগত সম্পর্ক এখনো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে গবেষণাও সীমিত। অতীতে হংকং, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে কাঁদানে গ্যাস ব্যবহারের পর নারীদের ঋতুচক্রের সমস্যা নিয়ে অভিযোগ উঠলেও এ পর্যন্ত পরিচালিত গবেষণায় নিশ্চিত কারণগত সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়নি।

প্যারিসের পোর্ট-রয়্যাল মাতৃসদনের স্ত্রীরোগ বিশেষজ্ঞ মাহা ঈদের মতে, কাঁদানে গ্যাসে থাকা রাসায়নিক উপাদান শরীরের নির্দিষ্ট রিসেপ্টর সক্রিয় করতে পারে, যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে এ ধরনের সংকোচন ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ ও ২০২২ সালে পরিচালিত সরকারি গবেষণায় কাঁদানে গ্যাসের কারণে বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়নি।

নারী অধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিপুলসংখ্যক নারী ও কিশোরীর একই ধরনের উপসর্গের অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই। কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্যগত প্রভাব নির্ধারণে স্বাধীন ও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। একই সঙ্গে বিক্ষোভ দমনে পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম