শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ বড় চমক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা, ‘কিং’-এ বড় চমক

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’-এর পর আর কোনো পূর্ণাঙ্গ প্রজেক্টে একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা।

জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন ধরে গানটির শুটিং করার কথা রয়েছে শাহরুখ ও কারিনার।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে দেখা যাবে একেবারেই ভিন্ন সাজ ও লুকে।

নির্মাতাদের প্রত্যাশা, গানটি চলতি বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে। একই সঙ্গে ‘কিং’-এর অন্যতম বড় চমক হিসেবেও দর্শকদের সামনে হাজির হবে এটি।

শাহরুখ-কারিনা জুটির পুরোনো রসায়ন বলিউডপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এছাড়া ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও শাহরুখের সঙ্গে দেখা গেছে কারিনাকে।

দীর্ঘ বিরতির পর এই দুই তারকার পুনর্মিলনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। বিশেষ করে ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে শাহরুখ-কারিনার রসায়ন এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মিত হচ্ছে বড় বাজেটে। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানেরও।

‘কিং’-এ আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম