ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আটক দুই ব্যক্তির একজনের পরনে থাকা জামা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। একই ধরনের জামা পরা রংপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী। বিবিসি বাংলাকে তিনি বলেন, ওই ধরনের জামা রংপুরে তাঁরসহ আরও প্রায় ২০০ জনের রয়েছে। তাঁর নিজের জামাটিও তাঁর কাছেই আছে।
সনাতন চক্রবর্তী বলেন, ‘এটি কাকতালীয়। একই ধরনের শার্ট আরও অনেকেরই থাকতে পারে। এটিকে সামনে এনে ঘটনা ভিন্নভাবে প্রচারের চেষ্টা চলছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থল পরিদর্শনের সময় সনাতন চক্রবর্তী ওই শার্টটি পরেছিলেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের লাইভেও তাঁর পরনে শার্টটি দেখা যায়। পরে পুলিশে আটক হওয়া সিদ্ধার্থ দাসের পরনেও একই ধরনের শার্ট দেখা যায়।
এ বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, আসামিদের আটক করে ডিবি কার্যালয়ে আনার সময়ও সিদ্ধার্থ দাসের গায়ে ওই শার্টটি ছিল।
এদিকে গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আটক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের সৎকারও রবিবার রাতেই সম্পন্ন হয়েছে।
পুলিশের দাবি, তদন্তে হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘাটিত হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে আটক দুজন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে।
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী মামলা করেন। তবে মামলা হওয়ার আগেই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অন্যদিকে, নিহতদের ময়নাতদন্তকারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁদের ধারণা, গণপতি চক্রবর্তীসহ চারজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্তের বাকি আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।