শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৫৯০ কোটি ডলারের সম্পদের ব্যাংক বন্ধ করল যুক্তরাষ্ট্র, অধিগ্রহণ করছে ফার্স্ট সিটিজেনস

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫৯০ কোটি ডলারের সম্পদের ব্যাংক বন্ধ করল যুক্তরাষ্ট্র, অধিগ্রহণ করছে ফার্স্ট সিটিজেনস

যুক্তরাষ্ট্রে ৫৯০ কোটি ডলারের সম্পদ থাকা একটি ব্যাংক বন্ধ করে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। আর্থিক দুর্বলতা ও দায় পরিশোধে অনিশ্চয়তার কারণে ইন্ডিয়ানার ইভান্সভিলভিত্তিক ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির অধিকাংশ সম্পদ, ঋণ ও আমানতের দায়িত্ব নিচ্ছে নর্থ ক্যারোলিনাভিত্তিক ফার্স্ট সিটিজেনস ব্যাংক।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্যাংকটি বন্ধের ঘোষণা দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি)। একই সঙ্গে ব্যাংকটির তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনকে (এফডিআইসি)।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওসিসি জানিয়েছে, ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক এমন এক অনিরাপদ ও দুর্বল আর্থিক অবস্থায় পৌঁছেছিল, যেখানে স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। ব্যাংকটির দায় পরিশোধ এবং আমানতকারীদের চাহিদা পূরণ করতে না পারার আশঙ্কা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার। একই সময়ে ব্যাংকটিতে আমানতের পরিমাণ ছিল ৪৫০ কোটি ডলার এবং ঋণের পরিমাণ ৩১০ কোটি ডলার।

ব্যাংকটি বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানায়, তারা এফডিআইসির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের প্রায় সব ঋণ ও অন্যান্য সম্পদ অধিগ্রহণ করবে তারা। পাশাপাশি ব্রোকারের মাধ্যমে সংগৃহীত কিছু আমানত ও নির্দিষ্ট কয়েকটি হিসাব বাদে ব্যাংকটির বাকি সব আমানতের দায়িত্বও গ্রহণ করবে।

ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানিয়েছে, প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে তারা এই চুক্তি পেয়েছে। চুক্তি অনুযায়ী, ব্যাংকটির সম্পদ অধিগ্রহণে প্রায় ২৬০ কোটি ডলারের ছাড় পাওয়া যাবে। এ ছাড়া আমানতের বিপরীতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। তবে এসব হিসাব প্রাথমিক অনুমানভিত্তিক, যা পরবর্তী সময়ে সমন্বয় করা হতে পারে।

চুক্তির আওতায় ইন্ডিয়ানা, ইলিনয়, কলোরাডো ও ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের ২০টি শাখার দায়িত্ব নেবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে ‘ব্যাংক অব সেন্ট ক্রয়’ নামে পরিচালিত আরও দুটি শাখাও তাদের নিয়ন্ত্রণে আসবে।

ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বও চুক্তির আওতায় নেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পেডকোর হোমস করপোরেশন।

ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট শাখাগুলো তাদের একটি বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করবে। এ সময় গ্রাহকরা আগের মতোই নিজেদের ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন ও প্রযুক্তিগত রূপান্তর সম্পন্ন করা হবে।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিক ফার্স্ট ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকটি রিপাবলিক ব্যাংক নামেও পরিচিত ছিল। সে সময় পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড সিকিউরিটিজ ব্যাংকটি বন্ধ করে এফডিআইসিকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়। পরে ল্যাঙ্কাস্টারভিত্তিক ফুলটন ব্যাংক রিপাবলিক ফার্স্ট ব্যাংকের প্রায় সব আমানত ও সম্পদের দায়িত্ব গ্রহণ করে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম