ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বীপটির পাতং সমুদ্রসৈকতসংলগ্ন একটি বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ জানিয়েছে, পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
এর আগে, মাত্র চার মাস আগে রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফুকেটে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।