ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ও সোমবার মিলিয়ে ছয়টি ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রায় প্রতিদিনই তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অভিযোগ, এসব ঘটনার পেছনে ইরানের বিপ্লবী গার্ডের সরাসরি হামলা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর পাহারায় তেলবাহী জাহাজগুলো প্রণালিটি অতিক্রম করছে। তবে এসব জাহাজও হামলার ঝুঁকিতে রয়েছে।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান বেশ কয়েকটি শর্ত দিয়েছে। দেশটির দাবি, জব্দ করা ইরানি অর্থ ছাড়তে হবে, তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে ইরানি তেল অবাধে বিক্রির সুযোগ দিতে হবে।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। তেহরানও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ওপর আবারও হামলা হলে দ্রুত যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা থাকবে না। ইরান যত দিন প্রয়োজন মনে করবে, তত দিনই যুদ্ধ চালিয়ে যাবে।
হরমুজ প্রণালিতে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।