শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নই নেই, জানাল আইজেনকোটের দল

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নই নেই, জানাল আইজেনকোটের দল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির কোনো প্রস্তাব বিবেচনা করছে না গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন দল ইয়াশার। বরং নেতানিয়াহুর দলকে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার প্রস্তাবই আলোচনায় রয়েছে বলে জানিয়েছে দলটি।

টাইমস অব ইসরাইলকে দেওয়া এক বক্তব্যে ইয়াশার তাদের এ অবস্থান স্পষ্ট করেছে।

এর আগে আর্মি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছিল, লিকুদ পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি প্রস্তাব বিবেচনা করছে ইয়াশার। প্রস্তাব অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট। পরে দুই দলের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগি হতে পারে। তবে এ প্রতিবেদন স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এমনকি লিকুদ পার্টির কোন নেতার সঙ্গে আইজেনকোট ক্ষমতা ভাগাভাগি করতে পারেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ইয়াশার জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে আগ্রহী যেকোনো দলকে চারটি মৌলিক নীতি মেনে নিতে হবে। নীতিগুলো হলো—ইসরাইলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্র মেনে নেওয়া, সবার জন্য বাধ্যতামূলক সামরিক অথবা বেসামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া। পাশাপাশি হামাসের সামরিক ও শাসনক্ষমতা বিলুপ্ত করার প্রতিশ্রুতিও দিতে হবে।

এ ছাড়া সম্ভাব্য জোটসঙ্গীদের ‘উগ্রপন্থিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন’ করতে হবে বলে জানিয়েছে দলটি। তবে কাদের উগ্রপন্থি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তা স্পষ্ট করেনি ইয়াশার। ধারণা করা হচ্ছে, এই শর্তের আওতায় জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ওতজমা ইহুদিতকে বোঝানো হয়েছে।

এর আগে ইয়াশার জানিয়েছিল, তাদের চারটি মৌলিক নীতি মেনে নিতে সম্মত হলে লিকুদ ও রিলিজিয়াস জায়নিজম পার্টির আইনপ্রণেতারাও আইজেনকোটের সরকারে যোগ দিতে পারবেন।

আইজেনকোট বারবার বলে আসছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তার মতে, নেতানিয়াহু দেশের জন্য বিপজ্জনক এবং তার রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। এমন পরিস্থিতিতে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারের অধীনে নেতানিয়াহুর কাজ করার সম্ভাবনাও তাঁর আগের অবস্থানের তুলনায় বড় ধরনের পরিবর্তন হতো। তবে নেতানিয়াহু নিজে প্রধানমন্ত্রী না হয়ে অন্য কারও নেতৃত্বাধীন সরকারে যোগ দেবেন, এমন সম্ভাবনা খুবই কম।

বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোট আন্তরিকভাবে চেষ্টা করেছেন—এমন বার্তা দেওয়াই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য হতে পারে।

এরপর বিকল্প হিসেবে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠন কিংবা আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোতে পারেন আইজেনকোট।

এদিকে চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অতি-গোঁড়া ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের চেয়ারম্যান ইয়াকভ আশেরের সঙ্গে গোপনে বৈঠক করেছেন আইজেনকোট।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম