নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো নতুন কোনো তথ্য দেয়নি দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য জানায়নি। এ ঘটনায় রায়ের কপি চাওয়া হয়েছে। সেটি পাওয়া গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে, গত ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা এবং আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়।
পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে জানতে চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিহত শাহেদের পরিবারকে অনুদান
এদিকে সৌদি আরবে হুতি হামলায় নিহত শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। পরিবারের প্রয়োজন অনুযায়ী সরকার আরও সহায়তা করবে।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারানো ১১ জনের মরদেহ দেশে পৌঁছেছে। তাঁদের মধ্যে শাহেদ আহম্মদও রয়েছেন।
ভিসার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি সেখানে আটকা পড়েছেন। তাঁদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এসব ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সরকার কাজ করছে।
এ ছাড়া যাঁরা পরিস্থিতির কারণে আর সংশ্লিষ্ট দেশগুলোতে যেতে পারছেন না, তাঁদের দেশে কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
সৌদি আরবের বিভিন্ন কারাগারে থাকা প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশির বিষয়েও সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।