ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দল অভিন্ন ব্যানারে রাজনীতি ও কর্মসূচি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ‘সমমনা ইসলামী দল’ নামটি ব্যবহার করা হবে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ থাকা ইসলামী দলগুলোকেও বৃহত্তর এই ঐক্যপ্রক্রিয়ায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকটি দুপুর দেড়টায় শেষ হয়। এতে সাত দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা, অভিন্ন ব্যানারে যৌথ কর্মসূচি পরিচালনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নতুন দল বা জোট নয়, অভিন্ন ব্যানারে কর্মসূচি
বৈঠকে নেতারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, নতুন কোনো রাজনৈতিক দল বা জোট গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামটিকেই অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করা হবে। তবে যৌথ কর্মসূচি পরিচালনা করলেও প্রতিটি দল নিজস্ব সাংগঠনিক কাঠামো, দলীয় আদর্শ ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখবে।
পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ইসলামী দলগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
বিএনপি-জামায়াতের সঙ্গে জোটবদ্ধ দলগুলোকেও যুক্ত করার উদ্যোগ
বর্তমানে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ বা রাজনৈতিক সমঝোতায় থাকা ইসলামী দলগুলোকে বৃহত্তর এই ঐক্যপ্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে নেতারা একমত হয়েছেন।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলোর দায়িত্বশীল নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও বৈঠকে ঐকমত্য হয়।
এ ছাড়া লিয়াজোঁ কমিটির পরবর্তী বৈঠক আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ঐক্যপ্রক্রিয়ায় রয়েছে সাতটি দল
‘সমমনা ইসলামী দল’ অভিন্ন ব্যানারের আওতায় আসার নীতিগত সিদ্ধান্ত নেওয়া সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা
লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব; ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সাত দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।