ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফুটবলের সর্বকালের সেরার আলোচনায় বারবার উঠে আসে লিওনেল মেসি, পেলে ও দিয়েগো ম্যারাডোনার নাম। তবে এই তিন কিংবদন্তির মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে কোনো দ্বিধায় পড়েননি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের দেখা ফুটবল ও মুগ্ধতার জায়গা থেকে তাঁর চোখে সর্বকালের সেরা লিওনেল মেসি।
মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে মেসি, পেলে ও ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। কোনো দ্বিধা ছাড়াই মেসির নাম নেন তিনি।
ইয়ামাল বলেন, ‘আমি নিজের চোখে এবং পর্দায় যা দেখেছি, সেখান থেকে বিচার করলে মেসিকেই বেছে নেব। তিনি ফুটবলকে যা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন, সবকিছুর জন্যই।’
পেলে ও ম্যারাডোনার কীর্তিও ফুটবল ইতিহাসে অনন্য। ব্রাজিলের হয়ে পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ছয়শর বেশি।
অন্যদিকে ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল দিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেন এই কিংবদন্তি। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তাঁর অসাধারণ নৈপুণ্য তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরায় পরিণত করেছে।
মেসির অর্জনের তালিকাও কম নয়। আর্জেন্টিনার হয়ে তাঁর গোলসংখ্যা একশ ছাড়িয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি করেছেন ৯০০-এর বেশি গোল। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন মহাতারকা।
এছাড়াও ২০১৪ ও সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল।
সূত্র: গোল ডটকম