Advertise with us

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিউইয়র্ক ও বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ। ঝড়ের পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় বিপজ্জনক উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাসের আশঙ্কা রয়েছে।

ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের বড় অংশই এ অঞ্চলের বাসিন্দা।

বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন

ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপকূলীয় বন্যার শঙ্কা

শনিবারের পূর্ণিমার কারণে উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় ইতোমধ্যে রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।

এনডব্লিউএস নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলসংলগ্ন নিচু এলাকায় রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাতিল বড় আয়োজন, স্থগিত খেলাও

ঝড়ের কারণে বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করা হয়েছে।

এ ছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের মতো শিল্পীদের পারফর্ম করার কথা ছিল।

নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির একটি পেশাদার ফুটবল ম্যাচও বাতিল করা হয়েছে। অন্যদিকে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।

ঘণ্টায় ৮৬ কিলোমিটার বেগে বাতাসের পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এতে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বন্যার পানির মধ্যে দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলাচল না করারও পরামর্শ দিয়েছেন তিনি।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের ঝড়ের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়া, সতর্ক থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম