ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তার উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
এদিকে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার অংশ।
উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই নেতার বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।