অর্থনীতি ডেস্ক | সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১২০ বার পঠিত | পড়ুন মিনিটে
চলতি বছরই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস থেকে বিনিয়োগ-সংক্রান্ত ১৫০টি সেবা পাবেন বিনিয়োগকারীরা। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে বিডার ওএসএসের সঙ্গে পাঁচটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো– তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সুন্দরবন গ্যাস কোম্পানি, রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, প্রাইম ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এ প্রতিষ্ঠানগুলো থেকে ৯টি বিনিয়োগ সেবা বিডা ওএসএসে যুক্ত হবে।
এমওইউ স্বাক্ষর করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার (সচিব) লুতফুল হায়দার মাসুম, সুন্দরবন গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের উপব্যবস্থাপনা পরিচালক মো. আল্কা হাফিজ, প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান।
লোকমান হোসেন মিয়া বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল, ১৯টি হাই-টেক পার্ক, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে। গত বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে ও এ বছরের মার্চে বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বর প্রথমবারের মতো কমনওয়েলথ সামিট অনুষ্ঠিত হবে। এসব কারণে বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে পরিচিতি পেয়েছে বিনিয়োগের অন্যতম ঠিকানা হিসেবে। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা শুরু হয়। এরপরও ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড সংখ্যক প্রায় ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে।
ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নের জন্য অনেক বেশি বিনিয়োগ দরকার উল্লেখ করে বিডার চেয়ারম্যান বলেন, বিনিয়োগ আকর্ষণের পথে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস ও ভারত। যে ধরনের বিনিয়োগ সেবা ভিয়েতনাম ৩৫ দিনে, ইন্দোনেশিয়া ৫০ দিনে ও ভারত ৬০ দিনে দিয়ে থাকে, সে ধরনের বিনিয়োগ সেবা বিডা ৪০ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এ জন্য সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসেবে বিডার ওএসএসের সঙ্গে অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে যুক্ত করা হচ্ছে। এতে বিনিয়োগকারীরা ঘরে বসে বিডা ওএসএসের মাধ্যমে একবার নিজেদের বিনিয়োগ-সংক্রান্ত তথ্য প্রদান করে সব ধরনের বিনিয়োগ সেবা পাবেন; অন্য কোনো অফিসে যেতে হবে না।
তিনি আরও বলেন, বিডা নতুন এ পাঁচটিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ করেছে। বর্তমানে ২৩টি প্রতিষ্ঠানের ৬৭ সেবা বিডা ওএসএসের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ৮০ শতাংশ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসের মাধ্যমে প্রদান করা হবে। এ বছরের মধ্যেই ১৫০ বিনিয়োগ সেবা বিডা ওএসএসের মাধ্যমে দেওয়া হবে।