শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে কাটতে পারে জট

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে কাটতে পারে জট

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশের কথা জানিয়েছে।

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্কের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভোট হয়। তার মেয়াদ বাড়ানোর বিপক্ষে রাশিয়া ও উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ভোট দেয়। তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্রও।

এর পরিপ্রেক্ষিতে গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয় জাতিসংঘে ফ্রান্সের মিশন। ওই পোস্টে মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফ্রান্স বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান।

বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, ফ্রান্সের ওই পোস্টের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত প্রার্থীর নিয়োগ আটকে দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছিল মার্কিন সরকার।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বলেছে, গত ২৫ জুলাই এক্সে প্রকাশিত ওই বার্তার জন্য তারা দুঃখিত। বার্তাটিতে মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

তবে ফরাসি মিশন স্পষ্ট করেছে, দুই দেশের মতপার্থক্য ছিল একটি নির্দিষ্ট ভোটকে কেন্দ্র করে; মানবাধিকার রক্ষার নীতির বিষয়ে নয়।

এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা ফ্রান্সের বিবৃতিটি দেখেছেন এবং এর প্রশংসা করছেন। অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ রক্ষায় ফ্রান্সের সঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেন তিনি।

এদিকে ফ্রান্সের দৈনিক ল্য মোঁদ জানিয়েছে, প্যারিসের এই দুঃখ প্রকাশের ফলে ওয়াশিংটনে ফ্রান্সের মনোনীত পরবর্তী রাষ্ট্রদূত অরেলিয়েঁ লেশেভালিয়ের নিয়োগ অনুমোদনের পথ সহজ হতে পারে।

ফ্রান্স চলতি সেপ্টেম্বরের মধ্যেই তাকে ওয়াশিংটনে পাঠাতে চেয়েছিল। কিন্তু ২৫ জুলাইয়ের ওই পোস্টের পর থেকে তার নিয়োগ-প্রক্রিয়া আর এগোয়নি।

সূত্র: ডয়েচে ভেলে

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম