শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, ইরানের ৭ শর্ত

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, ইরানের ৭ শর্ত

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকটে বৈঠকে বসছেন। বৈঠকে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে চূড়ান্ত সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তবে এই সমঝোতা সই হলেই হরমুজ প্রণালি খুলে যাবে—এমনটা নয় বলে জানিয়েছে ইরানের একটি সূত্র।

ইরানি আলোচনা দলের ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়।

সূত্রটি জানায়, কয়েক দফা কারিগরি ও কূটনৈতিক আলোচনার পর গত আগস্টের শেষ দিকে তেহরান ও মাসকটের মধ্যে সমঝোতাটি চূড়ান্ত হয়। শিগগিরই পারস্য উপসাগরীয় উপকূলবর্তী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালির মধ্য দিয়ে ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনায় নতুন প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ করা হয়েছে। পারস্য উপসাগরে প্রবেশের পথটি পুরোপুরি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে। বহির্গমন পথের একটি অংশও ইরানের জলসীমার আওতায় থাকবে।

এসব পথে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত প্রোটোকল ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে সূত্রটি।

আসন্ন বৈঠকে ইরান, ওমান, পারস্য উপসাগরের অন্যান্য উপকূলবর্তী দেশ এবং ইরাক অংশ নেবে। তবে এসব দেশকে মূলত ইরান-ওমানের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত জানানো হবে। নির্ধারিত নৌপথ, ট্রানজিট ব্যবস্থা ও অন্যান্য কারিগরি বিষয় আগেই তেহরান ও মাসকটের মধ্যে চূড়ান্ত হয়েছে।

তাসনিমের সূত্রের দাবি, এই নতুন ব্যবস্থা কার্যকর হলে দক্ষিণ দিকের যে নৌপথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আসছিল, সেটি বন্ধ রাখা হবে। সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কারণ হিসেবেও বিষয়টি বিবেচিত হয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সমঝোতা হলেও হরমুজ প্রণালি এখনই খুলছে না।

সূত্রটি জানিয়েছে, প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদিত এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

ইরানি সূত্রের ভাষ্য, ইরান-ওমানের সমঝোতা মূলত হরমুজ খুলে দেওয়ার ক্ষেত্রে ভবিষ্যৎ একটি কাঠামো নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করছে প্রণালিটি কবে এবং কীভাবে খুলবে।

ইরানের দৃষ্টিতে, এই সমঝোতা হরমুজ প্রণালির ওপর দেশটির সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ আরও সুস্পষ্ট করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম