ডেস্ক রিপোর্ট | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চলমান ইরান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘প্রাথমিক আগ্রাসনকে’ দায়ী করে কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের হামলার নিন্দা করার পাশাপাশি এই সংঘাতের সূচনা কোথা থেকে হয়েছে, তা এড়িয়ে যাওয়া এক ধরনের কপটতা।
আনোয়ার বলেন, সংঘাতের উভয় পক্ষের সহিংসতার অবসান জরুরি। একই সঙ্গে কে প্রথম শক্তি প্রয়োগ করেছে এবং তার পেছনে কী কারণ ছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সাম্প্রতিক মার্কিন বোমা হামলার জবাবে ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানান মালয়েশিয়ার এই প্রবীণ নেতা।
ফিলিস্তিন ও গাজা সংকট নিয়েও কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে শুধু হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দিয়ে বিচার করা ভুল।
তার ভাষ্য, হামাসের জন্মের বহু আগে থেকেই প্রায় ৭০ বছর ধরে এ অঞ্চলে সংঘাত ও নিপীড়ন চলে আসছে। তাই দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট বাদ দিয়ে ফিলিস্তিন সংকটের সঠিক মূল্যায়ন সম্ভব নয়।
সূত্র: এনডিটিভি