ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।
সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শেষ হলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় আট লাখ মানুষ আহত হন।
সূত্র: আলজাজিরা