ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তবে তারা ঠিক কোথায় হামলার শিকার হয়েছেন, তা জানায়নি তেহরান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহত তিন পাইলট হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে বাঘেরি ও ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।
তবে হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু জানায়নি ইরান।
বোমাবর্ষণে নিহত আরও ১৯
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবার ও বুধবার দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন।
পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা
গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর মধ্য দিয়ে প্রায় এক মাস ধরে চলা আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটে।
এরপর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান।
কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও তীব্র হয়েছে।
পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতিতে সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা