ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ক্রিমিয়ার সেভাস্তোপলে ডাস্টবিনে রাখা বোমার বিস্ফোরণে এক জ্যেষ্ঠ রুশ নৌ-কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ৩২ বছর বয়সী মার্গারিটা রেউটকে গ্রেপ্তার করা হয়েছে। একসময় পরিবেশকর্মী হিসেবে পরিচিত এই নারী এখন গুপ্তহত্যার অভিযোগে রুশ গোয়েন্দাদের হাতে আটক।
গত ১৩ আগস্টের ওই বিস্ফোরণে নিহত হন রুশ ব্ল্যাক সি ফ্লিটের সাবমেরিন ব্রিগেডের ডেপুটি কমান্ডার রবার্ট শাগিভ। রুশ কর্তৃপক্ষের দাবি, বিস্ফোরণে প্রায় ৫০০ গ্রাম টিএনটি ব্যবহার করা হয়েছিল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোচি শহর থেকে মার্গারিটাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি রিমোট কন্ট্রোলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মার্গারিটার জন্ম ইয়ারোস্লাভেলে। ছোটবেলা থেকেই দুঃসাহসী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গাছে চড়া, প্যারাশুটিং, ওয়াটার পোলো থেকে গো-কার্টিং—বিভিন্ন কর্মকাণ্ডে ছিল তার আগ্রহ। পড়াশোনা শেষে তিনি সোচিতে চলে যান। সেখানে চাকরির পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনের সঙ্গেও যুক্ত হন।
তবে ইউক্রেনে রাশিয়ার হামলা তার জীবনে বড় পরিবর্তন আনে। তিনি যুদ্ধবিরোধী অবস্থান নেন। ২০২৫ সালে ইউক্রেনের পক্ষে কথা বলার অভিযোগে তাকে জরিমানাও করা হয়েছিল। নিজের ডিএনএ পরীক্ষায় ৯৮ শতাংশ রুশ পরিচয় পাওয়ার পর তিনি নিজেকে ‘রুশ হয়ে লজ্জিত’ বলেও মন্তব্য করেছিলেন।
বন্ধুদের ভাষ্য, হামলার কয়েক মাস আগে থেকেই মার্গারিটার আচরণে পরিবর্তন দেখা যায়। তিনি চুপচাপ হয়ে পড়েন, নতুন একটি ফোন কেনেন এবং ভিডিও ধারণের কথা বলে বারবার ক্রিমিয়ায় যাতায়াত করতে থাকেন।
রুশ গোয়েন্দাদের দাবি, জিজ্ঞাসাবাদে মার্গারিটা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্য, বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এবং দেশ ছাড়ার নথির বিনিময়ে ইউক্রেনের গোয়েন্দারা তাকে এই কাজে নিয়োগ করেছিল।
তবে রুশ গোয়েন্দাদের এসব দাবির বিষয়ে এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।