শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেনোর দিকে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ৪২ হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেনোর দিকে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ৪২ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ‘হক ফায়ার’ রেনো শহরের দিকে এগিয়ে যাওয়ায় প্রায় ৪২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও প্রায় ৪৫ হাজার মানুষকে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রোববার স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। রেনোর মেয়র হিলারি শিভে সিএনএনকে জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন। খবর এএফপির।

আগুন লাগার এক দিনের মধ্যেই দাবানলটি প্রায় ১৫ হাজার ৪০ একর (৬ হাজার ৮৭ হেক্টর) এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে আগুনটি রেনো শহর থেকে প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবানলে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।

যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব জানিয়েছে, আগুনের পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হয়ে উঠেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রকাশ করা ছবিতেও রেনোর আশপাশের পাহাড় থেকে আগুনের শিখা ও আকাশজুড়ে ঘন ধোঁয়ার মেঘ দেখা গেছে।

দাবানলের ভয়াবহতার কারণে রেনোর কাছের ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নেভাদার গভর্নর জো লোম্বার্ডো। তাঁর আদেশে বলা হয়েছে, ‘হক ফায়ার’ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য হুমকি তৈরি করছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাতাসের কারণে আগুনের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আগুন খুব অল্প সময়ের মধ্যেই আবাসিক এলাকায় পৌঁছে যেতে পারে।

রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে অবস্থিত। শহরটি জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহো ও সিয়েরা নেভাদা পর্বতমালার কাছাকাছি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম