শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলেই ‘ভূমিকম্পের মতো’ জবাব: ইরানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলেই ‘ভূমিকম্পের মতো’ জবাব: ইরানের হুঁশিয়ারি

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রের চলমান ‘অর্থনৈতিক যুদ্ধে’ কোনো দেশ যোগ দিলে তাদের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক বিধিনিষেধ কার্যকরে সহযোগিতা করা যেকোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের স্বার্থে ‘ভূমিকম্পের মতো’ পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে।

রেজাই জানান, কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে প্রথমে আলোচনার মাধ্যমে তাদের যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার আহ্বান জানানো হবে। এতে সাড়া না দিলে সামরিক পদক্ষেপ নেওয়া এবং ওই দেশের স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ইরানের এই হুঁশিয়ারির মধ্যেই কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছে মিসর। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। তারা সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরুর ওপর গুরুত্ব দেন।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’র হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।’ ইরানের তেল রপ্তানির বড় ক্রেতা চীনের কাছ থেকেও সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করার কথা রয়েছে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অন্য দেশের ওপর এ ধরনের ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই।

এদিকে কৌশলগত হরমুজ প্রণালিকে ঘিরেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ। ইরানের দাবি, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

তবে বিশেষ অনুমতি নিয়ে ইরাকি তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে কার্যকর সমাধান খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে।

সব মিলিয়ে সামরিক উত্তেজনার পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরানের অর্থনৈতিক সংঘাতও আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞা, পাল্টা ব্যবস্থা এবং হরমুজ প্রণালির অনিশ্চয়তা বিশ্ববাজারে নতুন চাপ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম