ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরান যাতে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে, সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
ভ্যান্স বলেন, ইরানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা কি অর্থনৈতিক চাপের মধ্যে থাকতে চায়, নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই তেল পরিবহণ পথকে অস্ত্র হিসেবে ব্যবহারের সময় ইরানের শেষ হয়েছে। জ্বালানি সরবরাহের পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখা জরুরি। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণও আর নেই বলে দাবি করেন তিনি।
এদিকে ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
বেসেন্ট বলেন, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসতে পারে। তার ভাষ্য, অর্থনৈতিক চাপ বাড়ানো গেলে সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এড়ানো সম্ভব হতে পারে।
আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরার কথা জানিয়েছেন বেসেন্ট।
সূত্র: সামাটিভি