ডেস্ক রিপোর্ট | বুধবার, ১২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, একাধিকবার সতর্ক করার পরও নির্দেশনা না মানায় জাহাজটিতে হামলা চালানো হয়।
বুধবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় এমভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েক দফা সতর্ক করে।
তবে সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে এর ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
হামলায় জাহাজটির স্টিয়ারিং গিয়ার ও ইঞ্জিন ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে জাহাজটি আর ইরানের দিকে এগোতে পারছে না বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সেন্টকম বলেছে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সমুদ্র অবরোধ এখনো বহাল রয়েছে। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ আরোপ করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া তিনটি অবরোধ অমান্যকারী জাহাজ অচল এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।
সর্বশেষ হামলার বিষয়ে এখনো ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি