শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভয় তৈরি করে: শাকিব খান

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভয় তৈরি করে: শাকিব খান

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সেই সঙ্গে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে শিশু হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!’

শাকিব খানের মতে, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শাকিব বলেন, ‘এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা।’

একই সঙ্গে তিনি আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় এমন ব্যবস্থা নেওয়ার, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়। যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়—‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে একটি শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম