বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
কয়েক বছর ধরে ঢালিউড সিনেমার একের পর এক নতুন চমক দর্শকের সামনে আসছেন চিত্রনায়ক শাকিব খান। কখনো রাজকুমার আবার কখনো তুফান হয়ে পর্দায় ঝড় তুলেছেন। এবার তিনি ধরা দিলেন রকস্টার রূপে।
আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। এতে শাকিবকে স্টাইলিশ লুকে দেখা গেছে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এক মিনিট বিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন। ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার’। সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে।
টিজারে একটি গানের অংশবিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায়— ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। গানটির কথা ও সুর দর্শকদের মনে আলাদা মাত্রা যোগ করেছে।
পুরো টিজার জুড়ে ছিলো শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’
আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ২০২৬ সালের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।