শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া, করবেন আপিল

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া, করবেন আপিল

দেশের ক্রীড়াঙ্গনে বড় এক ধাক্কা। ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা ভারোত্তোলক ও এসএ গেমসে টানা দুইবারের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। তবে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দেশসেরা এই নারী ভারোত্তোলক।

গত বছরের সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের আগে এই ঘটনার সূত্রপাত। গেমস শুরুর আগে ২৯ অক্টোবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ‘ফুরোসেমাইড’ ও ‘ক্যানরেনোন’-এর উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানে এগুলো মূলত শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে থাকে।

সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের (সারাদো) ওই প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) মাবিয়াকে দুই বছরের জন্য ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক চিঠি হাতে পেয়েছেন এই অ্যাথলেট।

এমন শাস্তির খবরে হতাশ হলেও মানসিকভাবে ভেঙে পড়েননি মাবিয়া। নিজেকে নির্দোষ দাবি তিনি বলেন, ‘আমি পায়ের ট্রিটমেন্টের জন্য ওষুধ খেয়েছিলাম। আমার হাঁটুতে পানি জমে গিয়েছিল। ওইটার জন্য আমি প্রায় ৮-৯ মাস যাবত মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমি ডাক্তারের পরামর্শ মেনেই খেয়েছি। আমি গোপনে কিছু খাইনি।’

শাস্তির বিরুদ্ধে আপিল করবেন কি না এমন প্রশ্নে মাবিয়া দৃঢ়কণ্ঠে বলেন, ‘আমি আপিল করব উচ্চ আদালতে। ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে। আমি জানি না কেন আমাকে সাসপেন্ড করা হলো। ঘরোয়া নাকি আন্তর্জাতিক কোনটায় খেলতে পারবো না সেটা বলা হয়নি। ভারত্তোলন ফেডারেশনও এ বিষয়ে কিছু জানে না, কোনো কাগজ পায় নাই। শুধু আমাকে চিঠিতে জানানো হইছে।’

২০১২ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন মাবিয়া আক্তার। দেশের ভারোত্তোলন ইতিহাসে তিনি অন্যতম সফল এক নাম। তার নামের পাশে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে পাঁচটি স্বর্ণপদক। বিশেষ করে ২০১৬ সালের গৌহাটি এবং ২০১৯ সালের নেপাল এসএ গেমসে টানা দুবার স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এই তারকা। হঠাৎ আসা এই নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম