শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গানের পেছনের মানুষকে এভাবেও সম্মান জানানো যায়!

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গানের পেছনের মানুষকে এভাবেও সম্মান জানানো যায়!

গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে ব্যান্ডের অনেক জনপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। তাঁর ৭০তম জন্মদিন উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির রাশান হাউসে ‘আজব কারখানা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ শীর্ষক অনুষ্ঠান।

দেশের বিভিন্ন প্রজন্মের সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন জঙ্গীর স্মৃতিচারণা গ্রন্থ ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকীব খান, সামিনা চৌধুরী, রফিকুল আলম, কবির বকুল, মেহরীনসহ বহু পরিচিত মুখ। অনুষ্ঠান শুরু হয় শিশুশিল্পীদের পরিবেশনায় শহীদ মাহমুদ জঙ্গীর জনপ্রিয় গান ‘আজ যে শিশু’ দিয়ে। গানের সঙ্গে মিশে ছিল শিশুদের কাঁপা কাঁপা আত্মবিশ্বাস এবং দর্শকদের আবেগমিশ্রিত সাড়া। পরবর্তী সময়ে সোলস ব্যান্ডের ‘একদিন ঘুম ভাঙা শহরে’ পরিবেশন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন পর্বে মঞ্চে উঠেছিলেন বইটির সম্পাদক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবং শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে কাজ করা শিল্পীরা।

প্রত্যেক অতিথি স্মৃতিচারণ করেন জঙ্গীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত সংযোগ নিয়ে। রফিকুল আলম বলেন, ‘শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমার সংগীতজীবনের একটি বড় অংশ পূর্ণ হয়েছে।’

সামিনা চৌধুরী বলেন, ‘এ ধরনের আয়োজন নেপথ্যের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, যারা সাধারণ দর্শকের কাছে অজানা থেকে যান।’

পর্বের মূল আকর্ষণ ছিল গান। রফিকুল আলম, সামিনা চৌধুরী, নাসিম আলী খান, পান্থ কানাই, সুমন কল্যাণ, জয় শাহরিয়ার ও রেনেসাঁ ব্যান্ড শহীদ মাহমুদ জঙ্গীর গান পরিবেশন করে। পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘তৃতীয় বিশ্ব এমনই বিস্ময়’, ‘হারানো বিকেলের গল্প বলি’, ‘ভালোবাসি ওই সবুজের মেলা’, ‘হে বাংলাদেশ তোমার বয়স’সহ আরও অনেক গান। মঞ্চে কখনও গান থেমে গেলে শিল্পীরা গান রচনার পেছনের গল্পও শেয়ার করতেন, যা দর্শকদের আরও কাছে টেনে আনে।

জয় শাহরিয়ারের সঙ্গে গ্রন্থটি সহসম্পাদনা করেছেন নিশীথ সূর্য্য ও শাহরিয়ার আদনান। এতে শহীদ মাহমুদ জঙ্গীর জীবন ও সংগীতের নানা দিক তুলে ধরা হয়েছে ব্যক্তিগত সম্পর্ক, সৃষ্টির প্রক্রিয়া, শিল্পী আড্ডা, সংগঠন ও ঢাকা-চট্টগ্রামের শিল্পী নেটওয়ার্ক। বইটি উৎসর্গ করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব যোদ্ধাকে, যা তাঁর রাজনৈতিক ও সাংস্কৃতিক পথের সঙ্গে সংগতিপূর্ণ।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম