ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নেপালের মানাং জেলার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে ভয়াবহ তুষারধসে পর্বতারোহীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সকালে হঠাৎ তুষারধস শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি পর্বতারোহী দলের অন্তত ১০ সদস্য নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্বতারোহীদের পাশাপাশি তাদের সহকারীরাও রয়েছেন। তারা সবাই নেপালের নাগরিক।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবারও উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৮০ ফুট) উচ্চতার হিমলুং হিমাল শৃঙ্গের আশপাশে সাম্প্রতিক দিনগুলোতে ভারী তুষারপাত হয়েছে। শৃঙ্গটি তিব্বতের সঙ্গে নেপালের সীমান্তের কাছে অবস্থিত।
হিমালয়া হলিডেজ ট্র্যাকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁর অভিযাত্রী দলের অন্তত আটজন সদস্য নিখোঁজ হয়েছেন। তবে ঠিক কতজন পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: বিবিসি