আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
জেফরি এপস্টেইনকে নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন গিলান ম্যাক্সওয়েল। তিনি প্রয়াত এপস্টেইনের বান্ধবী। বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
কংগ্রেসের ওভারসাইট কমিটি হলো মার্কিন প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি। এর কাজ হলো ফেডারেল সরকারের নীতি, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কমিটির শুনানিতে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন ম্যাক্সওয়েল।
ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার বলেন, প্রত্যাশিতভাবেই ম্যাক্সওয়েল সংবিধানের পঞ্চম সংশোধনীর সুযোগ কাজে লাগিয়ে নীরব থাকার অধিকার প্রয়োগ করেছেন। এটি স্পষ্টতই হতাশাজনক। তাঁকে এপস্টেইনের সংঘটিত অপরাধ ও সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে অনেক প্রশ্ন করা হয়েছিল।
কোমার আরও বলেন, ‘আমরা আমেরিকান জনগণের জন্য সত্য এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। এটাই তদন্তের মূল লক্ষ্য।’
মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী, যেকোনো নাগরিক নিজের বিরুদ্ধে যেতে পারে এমন প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার রাখেন। শুনানির পর ডেমোক্র্যাটিক প্রতিনিধি মেলানি স্ট্যানসবারি সাংবাদিকদের বলেন, ম্যাক্সওয়েল এই সুযোগটিকে তাঁর ক্ষমা পাওয়ার উপায় হিসেবে ব্যবহার করেছেন।
জেমস কোমার জানান, এপস্টেইনের দ্বারা ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী ম্যাক্সওয়েলও অপরাধ করেছেন। তাই তিনি কোনো ধরনের আইনি রেহাই পাওয়ার যোগ্য নন।
এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড অস্কার মার্কাস বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি অপরাধ ক্ষমা করেন, তাহলে ম্যাক্সওয়েল বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত। কারণ, কেবল ম্যাক্সওয়েলই ঘটনার পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবেন।