শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৭ বিলিয়ন ডলারে আসামে দুটি জ্বালানি প্রকল্প করবে আদানি গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ বিলিয়ন ডলারে আসামে দুটি জ্বালানি প্রকল্প করবে আদানি গ্রুপ

ভারতের আসাম রাজ্যে দুটি বড় জ্বালানি প্রকল্পে ৬৩০ বিলিয়ন রুপি বা ৭ দশমিক ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ। এর মধ্যে রয়েছে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় বেসরকারি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং পাম্পড স্টোরেজ (জলবিদ্যুৎ-সঞ্চয়) প্রকল্প। ফলে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং অন্তত ৩ হাজার ৫০০ মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে।

শুক্রবার এক বিবৃতিতে আদানি গ্রুপ জানায়, তাদের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার প্রায় ৪৮০ বিলিয়ন রুপি ব্যয়ে ৩ দশমিক ২ গিগাওয়াট (৩,২০০ মেগাওয়াট) ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। প্রকল্পটি ধাপে ধাপে ২০৩০ সালের ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আসাম সরকারের নিলামে ৩.২ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহের টেন্ডারে আদানি পাওয়ার সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

ভারতে দীর্ঘ এক দশক ধরে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির ছিল। আদানির নতুন উদ্যোগকে সেই স্থবিরতা কাটানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে আগস্ট মাসে কোম্পানিটি আরও দুইটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল। আদানি পাওয়ারের লক্ষ্য ২০৩২ অর্থবছরের মধ্যে উৎপাদনক্ষমতা ১৮ গিগাওয়াট থেকে বাড়িয়ে ৪২ গিগাওয়াটে উন্নীত করা।

একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত প্রতিষ্ঠান আদানি গ্রীন এনার্জি আসামে দুটি পাম্পড স্টোরেজ প্রকল্পে প্রায় ১৫০ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে। দুটি প্রকল্পের মোট ক্ষমতা হবে ২,৭০০ মেগাওয়াট, যার মধ্যে ৫০০ মেগাওয়াট সম্প্রতি একটি টেন্ডারে পাওয়া হয়েছে। বর্তমানে কোম্পানিটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনক্ষমতা ১৬ দশমিক ৭ গিগাওয়াট, যা ২০৩০ সালের মধ্যে ৫০ গিগাওয়াটে নেওয়ার লক্ষ্য রয়েছে।

চলতি বছর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি উত্তর-পূর্ব ভারতে ৫০০ বিলিয়ন রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন ঘোষণাটি সেই অঙ্গীকারেরই অংশ বলে জানিয়েছে গ্রুপটি।

এ ছাড়া আগামী এক দশকে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে বিভিন্ন খাতে ১ ট্রিলিয়ন রুপি বিনিয়োগের পরিকল্পনাও করেছে আদানি গ্রুপ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম