বিনোদন ডেস্ক | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কানাডার টরন্টো শহরে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ২০২৫। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৫০তম উৎসব হিসেবে এবারের আসর বিশেষভাবে চিহ্নিত হচ্ছে বিশ্ববাসীর কাছে। ১০ দিনের এই উৎসবে প্রদর্শিত হচ্ছে ২০৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ৬টি ক্ল্যাসিক, ১০টি প্রাইমটাইম সিলেকশন এবং ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই পরিণত হয়েছে। তাই উৎসবের প্রথম দিনেই লালগালিচা হয়ে উঠেছে আলো-ঝলমলে তারকাদের উপস্থিতিতে।
‘জন ক্যান্ডি: আই লাইক মি’ দিয়ে উদ্বোধন শুরু
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে হাজির হয়েছিল কোলিন হ্যাঙ্কস পরিচালিত ডকুমেন্টারি ‘জন ক্যান্ডি: আই লাইক মি’। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রযোজক রায়ান রেনল্ডস, কোলিন হ্যাঙ্কস এবং জন ক্যান্ডির সন্তান জেনিফার ও ক্রিস্টোফার ক্যান্ডি। ছবিটি নির্মিত হয়েছে প্রয়াত কানাডিয়ান কমেডিয়ান জন ক্যান্ডির প্রতি শ্রদ্ধা জানাতে। এতে স্মৃতিচারণ করেছেন স্টিভ মার্টিন, টম হ্যাঙ্কস, মার্টিন শর্ট, ইউজিন লেভি এবং ম্যাকোলি কালকিন। প্রিমিয়ারে রায়ান রেনল্ডস আবেগঘন ভাষণে বলেন, জন আমাদের ছেড়ে গেছেন ১৯৯৪ সালে। তিনি হয়তো সেই মহান মানুষ, যাঁর সঙ্গে আমি কখনও দেখা করিনি। তাঁকে একবার দেখার জন্য আমি সবকিছু দিতে প্রস্তুত ছিলাম। বহু বছর ধরে আমি তাঁর ভক্ত। আজকের এই স্যুটেও জনের ছাপ লেগে আছে।’ কোলিন হ্যাঙ্কসও মঞ্চে উঠে বলেন, ‘আমরা অনেকবার ভেবেছি কোথায় ছবিটির প্রিমিয়ার করা যায়। শেষ পর্যন্ত উত্তরটা লুকিয়ে ছিল জন ক্যান্ডির প্রিয় গান ‘ও কানাডা’তে। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’ লাল গালিচায় রেনল্ডসের বুকে ছিল গর্বে ভরা ‘কানাডা’ লেখা টি-শার্ট ও বাদামি স্যুট।
‘জন ক্যান্ডি: আই লাইক মি’সিনেমার টিম (বা থেকে ) জেনিফার ক্যান্ডি, রায়ান রেনল্ডস, কোলিন হ্যাঙ্কস এবং ক্রিস্টোফার ক্যান্ডি ।
ম্যাডিস সিক্রেট এর প্রিমিয়ার
প্রথম দিনে জন আর্লির পরিচালিত ‘ম্যাডিস সিক্রেট’ সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রুবি ম্যাককলিস্টার, লিয়া হেনেসি, ক্লডিয়া ও’ডোহেরটি, ভেনেসা বায়ার, জন আর্লি, কেট বার্লান্ট, এমিলি অ্যালান ও সারাহ হারম্যান। তাদের উপস্থিতি সিনেমার প্রিমিয়ারকে অন্যরকম মাত্রা দেয়।
নতুন মুখের অভিষেক
চার্লি এক্সসিএক্স, ব্রিটিশ গায়িকা হিসেবে দারুণ পরিচিত। তবে এই পরিচয় ছাপিয়ে এবারের উৎসবের প্রথম দিনে বড় পর্দায় অভিষেক হলো ‘এরুপসজা’ ছবির মাধ্যমে। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক ব্রিটিশ পর্যটকের চরিত্রে, যার সম্পর্ক গড়ে ওঠে এক পোলিশ ফুল বিক্রেতার সঙ্গে। সিনেমাটির প্রিমিয়ারে হাজির হন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহশিল্পী ও সহলেখক লেনা গুরা, জেরেমি ও. হ্যারিস, উইল ম্যাডেন এবং পরিচালক ও সহলেখক পিট ওহস। সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করেনি, তবে ইতোমধ্যেই এটি আলোচনায় এসেছে। টরন্টোর পর চার্লির নতুন ছবি ‘১০০ নাইটস অব হিরো’ প্রদর্শিত হবে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে।
‘এরুপসজা’ চলচ্চিত্রের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেত্রী চার্লি এক্সসিএক্স।
তারকাদের ঝলমলে উপস্থিতি
উৎসবের প্রথম দিনই তারকায় ঠাসা ছিল উৎসব প্রাঙ্গণ। তারা লালগালিচায় হেঁটেছেন, ক্যামরোর উড়িয়ে দিয়েছেন চুম্বন। এ সময় দেখা যায় ‘মাইল অ্যান্ড কিকস’ ছবির নায়িকা বার্বি ফেরেইরা, কানাডিয়ান টেলিভিশন উপস্থাপক জর্জ স্ট্রমবোলোপোলস, ভেনেসা বায়ারসহ অনেকেই।
এবারের টিআইএফএফ ট্রিবিউট অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন গিয়ের্মো দেল তোরো, ইদ্রিস এলবা, জোডি ফস্টার, হিকারি ও ক্যাথরিন ও’হারা।
এবারের উৎসবে আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ক্যুচার), ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইক্স, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল অ্যান্ড কিক্স, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন।
এ আসরে যাদের দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের তালিকা দীর্ঘ। এর মধ্যে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসন, কিলিয়ান মারফি, ড্যানিয়েল ক্রেগ, ইদ্রিস এলবা, কিয়ানু রিভস, জোডি ফস্টার, রায়ান রেনল্ডস, স্যান্ড্রা ওহ, ম্যাথিউ ম্যাককনাহে, এল ফ্যানিং, আমেরিকা ফেরেরা এবং আরও অনেকে।