জাতীয় ডেস্ক | বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রিনা মুর্মূ। বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার তার জবানবন্দি গ্রহণ শেষে জেরা করেন।
জবানবন্দিতে এই প্রত্যক্ষ সাক্ষী বলেন, ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে অবস্থানরত দুইজন পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র সরাসরি আমাদের সহযোদ্ধা আবু সাঈদকে গুলি করেন। আমি নিজ চোখে সেটা দেখেছি। আবু সাঈদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তখনকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। আমি তাদের বিচার চাই।
জবানবন্দিতে রিনা মুর্মূ বলেন, সেদিনের ঘটনায় আমি নিজেও আহত হয়েছিলাম।
জবানবন্দি দেওয়ার পর রিনা মুর্মূকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।
এর আগে গত ৩ আগস্ট এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাসচালক খোকন চন্দ্র বর্মণ।
এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেন ট্রাইব্যুনাল।