লাইফস্টাইল ডেস্ক | বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে
অধিকাংশ ফ্ল্যাটেই বসার ঘর, শোবার ঘরের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়। কিছু কিছু বাসায় রান্নাঘরও বেশ পরিকল্পনা করে করা হয়। মাঝখান থেকে অবহেলায় পড়ে থাকে ওয়াশরুম। অনেকের বাসার ওয়াশরুম ছোট থাকে। জায়গায় না কুলালে আসলে কিছু করার থাকে না। তবে কিছু কৌশল মানলে ছোট ওয়াশরুমকে বড় দেখানো সম্ভব। এতে সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি বেশ গোছানো ও ছিমছাম মনে হবে।
যেভাবে সাজালে ওয়াশরুম বড় দেখাবে
• যে কোনো ছোট ওয়াশরুমকে বড় দেখাতে দেয়ালে হালকা রঙের টাইলস লাগান। হতে পারে হালকা নীল, আকাশি, হালকা সবুজ ইত্যাদি। হালকা রঙের টাইলস ওয়াশরুমের সৌন্দর্যও বাড়ায়। তবে ওয়াশরুমে বড় আঁকিবুঁকি আছে এমন কোনো টাইলস বাছাই করবেন না। ভালো হয় একরঙা টাইলস কিংবা ছোট নকশা করা টাইলস বাছাই করলে।
• এখন বড় আকারের টাইলসের ব্যবহার বেড়েছে। ওয়াশরুমের জন্যও বড় টাইলস কিনুন। ওয়াশরুমের সবদিকের দেয়ালে একই নকশার টাইলস রাখুন। একাধিক নকশার টাইলস ব্যবহার করলে ভেতরটা ঘিঞ্জি দেখাতে পারে। আর ভেতরটায় এত আরামবোধও হবে না।
• ভাড়া বাসার ওয়াশরুম ছোট হলে দেয়ালে ওয়াল পেপার লাগাতে পারেন। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ওয়াল স্টিকার পাওয়া যায়। সেগুলো বিভিন্ন মান ও দামের হয়। প্রাকৃতিক দৃশ্য আছে এমন ওয়াল স্টিকার বেছে নিতে পারেন। এতে ওয়াশরুম বড় দেখাবে। বিভিন্ন আকৃতির মোটিফ ও নকশা এড়িয়ে চলাই উত্তম হবে।
• ওয়াশরুমের সব ফিটিংস যেন একই রঙের এবং টাইলসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখুন। যদি টাইলস সাদা হয়, তা হলে ফিটিংসগুলোয় কালচে শেড থাকলে ভালো হবে। এখন অবশ্য সাদা মার্বেলের সঙ্গে সোনালি রঙের সংযোগটা বেশ চলছে। তেমন ফিটিংসও লাগাতে পারেন। এতে ওয়াশরুম খুব আধুনিক লাগবে।
• ওয়াশরুমের প্রয়োজনীয় জিনিসগুলো ক্যাবিনেটে গুছিয়ে রাখুন। বিভিন্ন ফেসবুক পেজ, স্টেশনারি ও হার্ডওয়্যারের দোকানে ওয়াশরুমে রাখার মেটালের তাক পাওয়া যায়। সেখান থেকে পছন্দমতো তাক কিনুন। তবে একসঙ্গে গাদাগাদি করে অনেক ক্যাবিনেট কিংবা তাক রাখবেন না। এতে ঘিঞ্জি লাগবে। বরং ছোট্ট ক্যাবিনেট প্রবেশের দরজার কাছে রাখতে পারেন। আবার বেসিনের ডান পাশের দেয়াল যদি ফাঁকা থাকে সেখানে ক্যাবিনেট কিংবা হ্যাঙ্গিং তাক রাখতে পারেন। প্রয়োজনীয় জিনিস রাখার পাশাপাশি ছোট গাছও রাখতে পারেন। ছোট তাকে কিছু সুগন্ধি রাখুন।
• ওয়াশরুম নান্দনিকভাবে সাজাতে জানালার দিকে কিছু গাছপালা রাখতে পারেন। আর ওয়াশরুমের জানালা খুলে রাখুন। এতে ঘরে দুর্গন্ধ হবে না।