আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাড়িঘরে ফিরেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। উত্তরাঞ্চলে ঘরে ফেরার পর তারা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। ইতোমধ্যে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১২৪টি মরদেহ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে ইসরায়েলের বোমা হামলায় ধসে পড়া ভবনের নিচ থেকে। নতুন এসব মরদেহ পাওয়া যাওয়ায় দখলদার দেশটির আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮০৬ জনে। আর আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলের বর্বর হামলায় গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের হিসাবে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। লাখো মানুষ এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্র, তাঁবু বা অপ্রতুল উপকরণে তৈরি ঘরে বসবাস করছেন। গাজার উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, শনিবার পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন। এ অবস্থায় গাজাবাসীর জন্য তাঁবু ও অস্থায়ী বসবাসের ঘরে (কারাভ্যান) প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘের আবাসনের অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণন রাজগোপাল।
যুদ্ধবিরতির তৃতীয় দিনে গাজায় সীমিত সহায়তা প্রবেশ
যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রোববার কিছু সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে এএফপি। তবে দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ক্ষুধার্ত মানুষ সহায়তার ট্রাকগুলো ঘিরে ফেলেন এবং কিছু জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-মুজাইন বলেন, সহায়তা নিয়ে বিশৃঙ্খলার ঘটনাগুলো প্রমাণ করে, গাজার মানুষ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনার প্রতি আস্থা রাখছে না। সবাই ভয় পাচ্ছে, যুদ্ধ আবার শুরু হবে। তাই মানুষ সহায়তা পেলে বাড়িতে মজুত রাখছে।
মিসরে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্পসহ ২০ বিশ্বনেতা
গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিসরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ২০ জনেরও বেশি নেতা উপস্থিত থাকবেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র।
আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তারাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রধানরাও এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এই আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার উদ্দেশে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্র ইরানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আর এই শান্তি সম্মেলন শুরুর আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে এএফপিকে জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। তিনি জানান, আজ সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে।
রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাগচি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরায়েল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের। তাদের আগের চুক্তি এবং আগ্রাসন বিরতি নিয়ে আমরা সজাগ। জায়নিস্ট শাসক ধোঁকা ও প্রতারণা করতে পারে। এই শাসকের প্রতি কোনো আস্থা নেই।
তবে অরাগচি আগ্রাসন বিরতির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যে কোনো পরিকল্পনা যা এই অপরাধ থামাতে সাহায্য করবে, তাতে আমাদের সবসময় সমর্থন রয়েছে।
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ৬ আরব দেশ
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও, নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলো– বাহরাইন, মিসর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। দেশগুলোর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিসর, জর্ডান ও কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশ নেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নথিতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।