রাজনীতি ডেস্ক | সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | ৩৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার রাতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. মাসুম বিল্লা (১১ ব্যাচ, চারুকলা বিভাগ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), আফিয়া আক্তার (১৪ ব্যাচ, বাংলা বিভাগ), হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ), জারিফ তাজওয়ার (সহসভাপতি, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ), মো. ইশা (সভাপতি, হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ) উপরোক্ত সকলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, অব্যাহতি দেওয়া ৬ জনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা পাওয়া গেছে।