জাতীয় ডেস্ক | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শনিবার থেকে প্রতি সপ্তাহে ২০০ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে শহীদ পরিবার ৫ লাখ ও আহতরা ১ লাখ টাকা করে পাবেন।
শুক্রবার রাজধানীর উত্তরায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে সপ্তাহে চারটি ধাপে ২০০ পরিবারে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদ ও আহত পরিবারকে সহায়তা করা হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতরা ১ লাখ টাকা করে পাবেন। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেওয়া হবে।
শহীদ পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে জানিয়ে সারজিস বলেন, শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। সব টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে। আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং শহীদ ১৬০০-এর বেশি, যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।