সারাদেশ ডেস্ক | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৩৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
জানা যায়, এই ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, বুধবার (১৯ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা হলেও আজ মঙ্গলবার বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওনা দেবেন। তারপর ঈদের আগের দিন ও পরের দন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় বন্দর থেকে কোন পণ্য খালাস হবে না। এছাড়া অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাবেন। তারা ঢাকা ফিরে না আসা পর্যন্ত কোনো পণ্য খালাস নেবে না। সব মিলিয়ে ৫ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল বন্দর।
দুই দেশের সিএন্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি নেওয়া হয়েছে।