নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ২৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
দ্রুত গতিতে ইমিগ্রেশন কেসগুলো নিষ্পত্তি হচ্ছে। ১ বছরে ১ কোটি আবেদনের ফয়সালা হয়েছে। এরমধ্যে ১০ লাখ নাগরিকত্ব আবেদনের ইন্টারভিউ হয়েছে। ৯ লাখ ইমিগ্রান্ট নতুন আমেরিকান হিসেবে শপথ নিয়েছেন ২০২৩ সালে। গত সোমবার ১২ ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, গত এক যুগে এতও বিপুল সংখ্যক ইমিগ্রেশন আবেদনের নিষ্পত্তি ঘটেনি। ব্যাকলগ কমেছে শতকরা ১৫ ভাগ।
এদিকে ২০২৩ সালে বিভিন্ন ক্যাটগরিতে ১ কোটি ৯ লাখ ইমিগ্রেশন সংক্রান্ত আবেদন পেয়েছে ইউএসসিআইএস। এ প্রতিষ্ঠানটির পরিচালক উর জাদৌ বলেছেন, ইউএসসিআইএস এর কর্মিবাহিনী নিয়ে আমি গর্বিত। রেকর্ড সংখ্যক কেস তারা নিষ্পত্তি করেছে গেল বছর। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও ব্যাকলগ দূর করতে কাজে লাগানো হচ্ছে। ৯ লাখ নতুন আমেরিকানের মধ্যে ১২ হাজার ইমিগ্রান্ট মিলিটারি সদস্য শপথ নিয়েছেন।
ইউএসসিআইএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমার সার্ভিসের গুণগত মানের পরিবর্তন হয়েছে। অনলাইনে অনেক আবেদন সম্পন্ন করা যাচ্ছে। এরমধ্যে ঠিকানা পরিবর্তন, বায়োমেট্রিক্স টেস্ট এর সিডিউল পরিবর্তন ও আবেদনের অগ্রগতি পর্যবেক্ষন। ১-৮০০ নম্বরে কল করার পাশাপাশি টেক্সট আদান প্রদানের সুবিধা সংযুক্ত করা হয়েছে। এখন আর ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কাস্টমারদের অপেক্ষা করতে হয় না।
ডিপার্টমেন্ট অব স্টেটের সাথে সমন্বয় রেখে ইমিগ্রেশন বিভাগ ২০২৩ সালে কাজ ভিত্তিক ২ লাখ ইমিগ্রেশন ভিসার আবেদন নিষ্পত্তি করেছে। ওয়ার্ক পারমিটের মেয়াদকাল ৫ বছরে বৃদ্ধি করা হয়েছে।
ইউএসসিআইএস ডাইরেকটর উর জাদৌ বলেছেন, বিশ্বব্যাপী মানবিক সংকট তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রও এর থেকে বাইরে নয়। সীমান্তে লাখ লাখ শরনার্থী সমবেত হচ্ছে। তা সামাল দিতে আমরা হিমশি খাচ্ছি। গত ১ বছরে সীমান্ত পথে প্রবেশকারি ১ লাখ মাইগ্র্যান্টের ইন্টারভিউ নেয়া হয়েছে। এরমধ্যে ৬০ হাজার থাকার অনুমতি পেয়েছে। ৫২ হাজার এসাইলাম কেস মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন, ডিপার্টমেন্ট পর্যাপ্ত জনবল ও আর্থিক সহায়তা পেলে আগামী ৫ বছরে ইমিগ্রেশনের ব্যাকলগ দূর করা সম্ভব।