নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৬৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটি ট্রাফিক পুলিশ ইউনিয়নের নির্বাচনে সাদিক-সাঈদ প্যানেল মেজোরিটি পদে জয়লাভ করেছে। মোট ৯টি পদের বিপরীতে এই প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতি ,সাধারন সম্পাদকসহ ৩ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। রহিম-উদবা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন ডেলিগেট। নির্বাচিত সভাপতি, সহ সভাপতি ও সাধারন সম্পাদকরা হলেন যথাক্রমে আলেকজান্ডার সাদিক, সকুনবি ওলোফেমি ও সাঈদ ইসলাম।
![]()
গেল বছর নভেম্বরে ট্রাফিক পুলিশদের ইউনিয়ন সিডব্লিউএ লোকাল ১১৮২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সভাপতি, সহ সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীরা প্রদত্ত ভোটের ৫১ ভাগ না পাওয়ায় তারা রানঅফের মুখোমুখি হন। এই তিনটি পদে পোস্টাল ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ ফেব্রয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আলেকজান্ডার সাদিক ৭১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ রহিম পেয়েছেন ৫২৫ ভোট। বাংলাদেশি রহিম এর আগে একবার সহসভাপতি ও ৩ বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি সাঈদ ইসলাম ও সৈয়দ উদবা। সাঈদ ইসলাম ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উদবা পেয়েছেন ৪৯৬ ভোট। সাদিক-সাঈদ প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন শিবলী চৌধুরী কায়েস, কোলন জন ও শামীম হোসাইন। রহিম-উদবা প্যানেল থেকে নির্বাচিত ডেলিগেটরা হলেন পঙ্কজ রায়, শাহাদত হোসেন ও মোহাম্মদ আলম।
এই নির্বাচনে ৯ সদস্যের নির্বাচিত কমিটির ৬ জনই বাংলাদেশি। ট্রাফিক পুিলশ ইউনিয়নের মোট সদস্য সংখ্যা প্রায় আড়াই হাজার। এরমধ্যে বাংলাদেশির সংখ্যা ৬ শতাধিক। ইউনিয়নের একজন সক্রিয় সদস্য নির্বাচনী ফলাফল প্রশ্নে প্রতিবেদককে বলেন, সদস্যরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। বিদায়ী সভাপতি সৈয়দ রহিম ১২ বছর ধরে ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। এবার পরিবর্তনের পক্ষে জোয়াড় ছিল। এ কারনে তার প্যানেল ভালো ফলাফল পায়নি।